রাজধানীর গুলশানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে অন্যের বাড়ি দখলের অভিযোগে চক্রের মূল হোতা মো. হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হানিফ হাওলাদার নিজের পরিচয় গোপন রেখে ‘আব্দুল আজিজ খান’ নাম ব্যবহার করে একটি ভুয়া এনআইডি তৈরি করেন। এই পরিচয়ে তিনি পুলিশের এক কর্মকর্তার সহায়তায় গুলশানের একটি ১৯ কাঠার বাড়ি দখল করেন। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হুমকির একাধিক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৯ মার্চ ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকার সুযোগ নিয়ে গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি দখল করে হানিফের চক্র। এ ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে গুলশান জোনের তৎকালীন সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে দখলের পাঁচ দিনের মাথায় চক্রটি বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং পরে প্রকৃত মালিক পক্ষ সেখানে ফিরে আসে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত হানিফ হাওলাদার একজন পেশাদার প্রতারক। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তদন্ত চলছে। এর আগে একই চক্রের সদস্য মো. ইউসুফকেও গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তদন্তে জানা যায়, ২০১৩ সালে মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস গুলশানের ওই বাড়িটি প্রকৃত মালিকের কাছ থেকে ক্রয় করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাবাসসুম আরেফিন রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র জাল কাগজপত্র তৈরি করে বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
পুলিশের নথি অনুযায়ী, হানিফ হাওলাদার ও তার সহযোগীরা ভুয়া কাগজপত্র তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন এবং এমনকি অন্য ব্যক্তির নামে দলিলও তৈরি করেন। পরে তদন্তে প্রমাণিত হয়, তিনি প্রকৃতপক্ষে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments