ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক করেছেন। মেয়র হিসেবে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। তাই আগামী নির্বাচনে যদি আমাকে সুযোগ দেয়া হয়, তাহলে দুই থেকে তিন বছরের মাথায় ঢাকার আমূল পরিবর্তন এনে দেব।’
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি উদ্বোধনের আগে এ কথা জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন কিংবা শহর পরিষ্কার রাখা সম্ভব না। ৫০ শতাংশ দায়িত্ব যদি জনগণ পালন করে এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব যদি সিটি করপোরেশন পালন করে তাহলে সম্ভব। যদি শুধু সিটি করপোরেশন দায়িত্ব পালন করে তাহলে কোনোদিন রাজধানী শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন হবে না, এমনকি মশক নিধনও হবে না। এই কারণে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই।
তিনি আরও বলেন, মশা কোনোদিন নিঃশেষ হবে না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই হয়। যদি ঢাকার খালগুলোকে সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, দখলমুক্ত এবং আবর্জনা মুক্ত করতে না পারি তাহলে সড়ক কিংবা অলিগলি পরিষ্কার করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, ঢাকা এমন একটা আবর্জনার শহর হয়েছিল যে, চলাচলই করা যাচ্ছিল না। ঢাকাকে কেউ বলে না বসবাস উপযোগী। কাজেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।




Comments