সোনারগাঁওয়ে ২৮ মামলার দুর্ধর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেওডালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রক্সি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব জানায়, ‘কাইল্লা রক্সি’ এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতি ছিল তার নিত্যদিনের কাজ। এছাড়া টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন তিনি। জমি দখল, স্থানীয় শিল্পকারখানা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অসংখ্য সমাজবিরোধী কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
র্যাবের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত রক্সির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ২৮টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ জানায়, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments