Image description

কুড়িগ্রামের উলিপুরে ঘাতক ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন নুর আমিন (৫০) নামে এক অটোরিকশা চালক। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ছয় চাকার একটি দ্রুতগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুর আমিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন—শিউলি বেগম (৩৫), তকি আহমেদ (৫০), রুহুল আমিন (২২) ও নারু বর্মণ (৭০)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বর্তমানে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই ট্রাক্টর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর