মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, গ্রেফতার ১
কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সহকর্মীকে মারধরের অভিযোগে রিফাত (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়ার মো. রফিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে ওই নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে। এ সময় অভিযুক্তরা পুরো ঘটনার ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নারীর নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments