বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসাম থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরে পাঁচ ধাপে ভারত থেকে মোট ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হলো।
পার্বতীপুর রেল হেড অয়েল ডিপো সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল শুরু হওয়া ডিজেল পাম্পিং কার্যক্রম শুক্রবার (১০ এপ্রিল) রাতে সফলভাবে সম্পন্ন হয়। পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে এই জ্বালানি পরিবহন করা হয়েছে।
পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে চার ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। যার অংশ হিসেবে এই চালানটি দেশে এলো। এর আগে গত ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল।
আমদানি করা এই জ্বালানি পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপলাইন চালুর ফলে জ্বালানি পরিবহনে সময় ও খরচ যেমন কমেছে, তেমনি সরবরাহ ব্যবস্থা হয়েছে আরও সহজ ও নিরাপদ। এই পাইপলাইন প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমদানি ব্যবস্থাকে আরও আধুনিক করতে কার্যকর ভূমিকা রাখছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments