Image description

একটি শিশু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ওপর—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এই সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর এই শিশুদের মানুষ গড়ার মূল কারিগর হলেন আমাদের সম্মানিত শিক্ষকরা। একটি শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে, তা শিক্ষকদের সঠিক নির্দেশনার ওপরই নির্ভর করে।"

তিনি আরও বলেন, "কোমলমতি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।"

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি মহোদয় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মানবকণ্ঠ/ডিআর