সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাতে বিশ্বনাথ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হস্তান্তর করেছে।
বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, গতকাল রাতে নবজাতকটি বিশ্বনাথের লামাকাজী-রামপাশা রোডের ধলি পাড়া গ্রাম সংলগ্ন পিছের মুখ নামক স্হান থেকে উদ্ধার করেন। কে-বা কারা এই নবজাতক কন্যাশিশুকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। রাস্তা পাশে পড়ে থাকা নবজাতকটি একজন অটো (সিএনজি) ড্রাইভার দেখতে পেয়ে বিষয়টি ফোনে থানা পুলিশকে অবগত করেন। পরে সঙ্গীয় ফোর্স সহ ওসি ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুর্ণিমল বিশ্বাস জানিয়েছেন, নবজাতক শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বয়স আজ দুই দিন। জন্মের পর পরই ফেলে দেওয়া হয়েছে নবজাতকটিকে। বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরকে অবহিত করা হয়েছে। শিশুর দায়িত্ব সমাজসবা দপ্তরে হস্তান্তর করা হবে।




Comments