Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারের ওপর শেখ হাসিনার ‘ভুত’ সওয়ার হয়েছে। শেখ হাসিনা যেভাবে জনগণকে অপমান করতেন এবং তাদের মতামতের তোয়াক্কা করতেন না, বর্তমান সরকারও সেই একই দাম্ভিকতার পথে হাঁটছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করার ইতিহাস। তিনি উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিলেন। সবশেষে ছাত্র-জনতাকে ‘রাজাকার’ গালি দিয়ে তিনি নিজের পতনের কফিনে শেষ পেরেকটি মেরেছেন। তিনি জনগণকে অপমান করার চরম পরিণতি ভোগ করছেন।”

তিনি আরও যোগ করেন, “শেখ হাসিনাকে যে ভুত ধরেছিল, তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই ভুত এখন বর্তমান সরকারের ওপর ভর করেছে। আর সেই ভুত হলো সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য ও অপমান করা।”

বর্তমান সরকারের মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, সংসদে যেভাবে কথা বলা হচ্ছে এবং সংবিধান পড়ার ছলে জনপ্রতিনিধিদের যেভাবে ‘মাস্টার’ সেজে শাসন করার চেষ্টা চলছে, তার একটা সীমা থাকা উচিত। জনগণকে মূর্খ ভাবার পরিণাম শুভ হবে না।

বিএনপির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে মামুনুল হক বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের কিছু বলতে হয়, তবে আন্দোলনের মাঠে কথা হবে। রাজপথে আপনাদের মোকাবিলা করা হবে।”

সেমিনারে দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।

মানবকণ্ঠ/আরআই