চলতি মাসেও দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চপ্রবাহ বজায় রয়েছে। এপ্রিলের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
হিসাব অনুযায়ী, চলতি মাসের প্রথম ১২ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু (জুলাই) থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২১ দশমিক ১০ শতাংশ।
এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। এছাড়া জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উৎসাহমূলক পদক্ষেপ এবং প্রবাসীদের সচেতনতা এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই ধারাবাহিকতা বজায় থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments