জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে সাথী (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সাথী ওই এলাকার সাইদুরের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নব্যচর এলাকার শাহজালালের ছেলে সভার সাথে মাত্র কিছুদিন আগে সাথীর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে বনিবনা হচ্ছিল না। এরই ধারাবাহিকতায় গতকাল তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে ঝগড়া ও পারিবারিক কলহের জেরে মনে কষ্ট পেয়ে সাথী আত্মহননের পথ বেছে নেন।
চরপাকেরদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) নজরুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, "স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।"
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, "খবর পেয়ে আমি নিজে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"




Comments