Image description

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজের ওপর যেকোনো মার্কিন বিধি-নিষেধ হবে অবৈধ এবং ‘জলদস্যুতা’র শামিল। মুখপাত্র সতর্ক করে বলেন, ‘ইরানের বন্দরগুলো হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর বা ওমান উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।’

এর আগে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে যে তারা ‘মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না।’ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে এক্সে দেওয়া (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শিগগিরই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রলের অভাব বোধ করবেন।” এই পোস্টে তেলের দাম আরো বাড়ার ইঙ্গিত বোঝা যায়। গালিবাফ এর আগেও বলেছিলেন যে ইরান ‘হুমকির চাপে আত্মসমর্পণ করবে না।”

হরমুজ প্রণালিতে সব জাহাজ অবরোধ করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জবাবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।