Image description

বাংলা নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের প্রাচীন ঐতিহ্য-হালখাতা। পুরনো বছরের হিসাব-নিকাশ মিটিয়ে নতুন বছরের খাতা খোলার এই রীতিতে আছে আন্তরিকতা, ব্যবসায়িক বন্ধন আর উৎসবের আমেজ। নিমন্ত্রণ, মিষ্টিমুখ আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে, মঙ্গলবার পুরান ঢাকায় হালখাতার আয়োজন করেন ব্যবসায়ীরা।

বাংলা নববর্ষ মানেই নতুন দিনের আহ্বান, পুরনো সব হিসাব চুকিয়ে নতুন করে পথচলা। আর এই নবসূত্রপাতের অন্যতম ঐতিহ্য হালখাতা। 

পুরনো বকেয়া মিটিয়ে, নতুন খাতায় নতুন করে শুরু। একটা লাল খাতা আর তার পাতায় জমে থাকে সম্পর্কের গল্প।

সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, তবে হালখাতার এই ঐতিহ্য এখনো বাঙালির ব্যবসা সংস্কৃতিতে জীবন্ত। আধুনিকতার ছোঁয়ায় অনেক পরিবর্তন এলেও ব্যবসায়ীদের কাছে  হালখাতার আবেদন আজও অমলিন।

শুধু হিসাবের খাতা নয়, বছরের প্রথম দিনে হালখাতা হয়ে ওঠে এক মিলনমেলা। পুরনো ক্রেতারা আসেন, দেনা শোধ করেন, আর নতুন করে সম্পর্কের বন্ধন গড়ে ওঠে। এদিন মিষ্টিমুখ করানো হয় ক্রেতাদের। দেওয়া হয় নানা উপহার।