Image description

শরীয়তপুরে হাম রোগের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে জাহিদ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলায় হামের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার।

জানা যায়, মৃত শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে। গত ৮ এপ্রিল জ্বর, কাশি ও শরীরে ফুসকুড়িসহ হামের উপসর্গ দেখা দিলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় টানা ছয় দিন চিকিৎসা দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৬৭ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। শরীয়তপুর সদর হাসপাতালে বর্তমানে ২০ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের আরএমও মিতু আক্তার বলেন, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। 

তিনি আরও জানান, “গত রাতে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ নামের শিশুটি মারা যায়।”

জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তবে রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

হাম সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।