Image description

সাভার-আশুলিয়া অঞ্চলে ‘অদম্য ২৪’ নামে একটি প্রতিবাদী, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত আশুলিয়া থানার সামনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে এই আংশিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ তামিমকে আহ্বায়ক এবং মোহাম্মদ সজীব হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে মো. শিহাব খান, মো. ফয়সাল হোসেন ফালগুনসহ ১০ জন এবং সদস্য পদে আরও ৬৯ জন সংগঠক স্থান পেয়েছেন। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অনুমোদন প্রক্রিয়ায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদরা  অংশগ্রহণ করেন। 

সদস্য সচিব মো. সজীব হোসেন বলেন, আমাদের দায় ও প্রতিজ্ঞা জুলাইয়ের শহীদদের প্রতি। তাই আমাদের কমিটির ঘোষণাপত্রেও তাঁদের পরিবারের সদস্যদের স্বাক্ষর নেওয়া হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠা ও গোলামির জিঞ্জির ভাঙার লক্ষ্যেই আমাদের এই দীর্ঘ যাত্রা।

সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ তামিম জানান, সাভার-আশুলিয়া অঞ্চলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সাংস্কৃতিক বিকাশ এবং মানবিক সহায়তায় সংগঠনটি নিরলসভাবে কাজ করবে। জুলাই বিপ্লবের কন্ঠস্বর শহীদ শরিফ ওসমান বিন হাদীর দেখানো পথে ইনসাফ কায়েম করতে আমরা জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণহত্যা, গুম-খুন ও অর্থ লুটপাটের বিচার নিশ্চিত করাই তাঁদের বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সাভার-আশুলিয়ায় ক্ষমতার অপব্যবহারকে প্রশ্নবিদ্ধ করা এবং অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রাখাকেই প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। একইসাথে ৭০ শতাংশ মানুষের গণরায়ের ভিত্তিতে গণভোটের দাবি বাস্তবায়নসহ জাতীয় সকল ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।