দেশের ক্রিকেটে এক অস্থির প্রশাসনিক ডামাডোলের মধ্যেই সফলভাবে সম্পন্ন হলো কোচদের জন্য আয়োজিত উচ্চতর লেভেল-৩ কোচিং কোর্স। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই কোর্সের সমাপ্তি এক ভিন্ন মাত্রা পেয়েছে। যে যাত্রার শুরু হয়েছিল সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে, তার আনুষ্ঠানিক ইতি ঘটলো নতুন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের হাত ধরে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উত্তীর্ণ ৩০ জন কোচের হাতে সনদ তুলে দেন তামিম ইকবাল। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব হারান। ফলে নতুন বাস্তবতায় তামিম ইকবালের স্বাক্ষরিত সনদই লাভ করেন অংশগ্রহণকারী কোচরা।
কোর্সটি ছিল আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়াভিত্তিক ‘টার্নার-ক্যাম্পবেল কনসালট্যান্টসের’ সহায়তায় পরিচালিত এই প্রোগ্রামে আবাসিক প্রশিক্ষণের পাশাপাশি ছিল ৯০ দিনের নিবিড় বাস্তব অভিজ্ঞতাভিত্তিক অ্যাসাইনমেন্ট। যেখানে সম্ভাবনাময় ক্রিকেটারদের উন্নয়ন পর্যবেক্ষণ ও মাঠের প্রয়োগ হাতে-কলমে শেখানো হয়েছে।
এবারের কোর্সে সাফল্যের জয়জয়কার লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারী ৩০ জন কোচের সবাই উত্তীর্ণ হয়েছেন। মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। দ্বিতীয় হয়েছেন হান্নান সরকার এবং তৃতীয় হয়েছেন যৌথভাবে শাহরিয়ার নাফীস ও ডলার মাহমুদ।
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে এমন উচ্চতর লেভেল-৩ কোর্সের আয়োজন করা হলো। এর আগে ২০০৯ সালে আইসিসি ও এসিসির উদ্যোগে এমন কোর্স হয়েছিল। তবে এবার বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় ও বিদেশি প্রশিক্ষকদের সমন্বয়ে কোর্সটি পরিচালিত হয়।
উত্তীর্ণ কোচদের তালিকায় জাতীয় দলের আরও অনেক চেনা মুখ ছিলেন। যাদের মধ্যে তালহা জুবায়ের, রাজিন সালেহ, রবিউল ইসলাম, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর বেলিম, নাজমুল হোসেন, জাহাঙ্গীর আলম ও নারী কোচ ফাতেমা জোহরার নাম উল্লেখযোগ্য। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে আগামীতে এই দক্ষ কোচরা বড় ভূমিকা রাখবেন বলে আশা করছে দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments