Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং মাঠে লিগ ফেরানোর পর এবার তাঁর নজর সরাসরি দর্শকদের দিকে। স্টেডিয়ামে খেলা দেখতে আসা সাধারণ দর্শকদের অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধা উন্নত করতে নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছেন তিনি।

বিসিবির এক ভিডিও বার্তায় তামিম ইকবাল জানান, ক্রিকেটার বা স্টাফদের সমস্যা নিয়ে নিয়মিত আলোচনা হলেও ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার বা অংশীজন হলেন দর্শকরা। কিন্তু বছরের পর বছর তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলার বা জানার তেমন কোনো চেষ্টা করা হয়নি।

তামিম বলেন, ‘আমি এই প্রথাটি পরিবর্তন করতে চাই। আমি চাই যখন একজন দর্শক মাঠে খেলা দেখতে আসবেন, তাঁর অভিজ্ঞতা যেন চমৎকার হয়। যেন বাসায় গিয়ে তিনি বলতে পারেন যে আজ দারুণ পরিবেশে নিজের দলের খেলা দেখেছি। গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা, পানির ব্যবস্থা ও খাবার—সবকিছুর অভিজ্ঞতা আমরা দর্শকদের কাছ থেকে জানতে চাই।’

দর্শকদের অভিযোগ ও পরামর্শ সরাসরি শোনার পরিকল্পনার কথা জানিয়ে তামিম আরও বলেন, ‘একসাথে সব দর্শকের সাথে কথা বলা সম্ভব নয়। তবে আমরা গ্যালারি থেকে ৫-১০ জন দর্শককে দৈবচয়ন বা র্যান্ডমলি বেছে নেব। আমি ব্যক্তিগতভাবে তাঁদের সাথে বসব এবং জানব তাঁরা মাঠে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না বা কোন কোন জায়গায় আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে।’

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচ থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। মাঠের ক্রিকেটে পরিবর্তনের পাশাপাশি গ্যালারির পরিবেশ উন্নত করার এই উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই