ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের একদিন পর নাছিমা খাতুন (১৪) নামে এক কিশোরী মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাছিমা খাতুন কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয় নাছিমা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাশে একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, কিশোরীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments