মাদারীপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম (৪৫) শরীরের একটি ফোঁড়ার চিকিৎসার জন্য পানিছত্র এলাকার ‘কে আই হাসপাতালে’ ভর্তি হন। সেখানে চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই বিলকিসের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকায় রেফার করে। ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
বিলকিস বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র রাস্তায় ফেলে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তদন্তের স্বার্থে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সেখানে ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments