Image description

চট্টগ্রামের আনোয়ারায় এক বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনা স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ইয়াবা সেবনের  ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছাড়িয়ে পড়ে। বিএনপির ওই নেতার নাম আব্দুল হক। তিনি রায়পুর ইউনিয়নের পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

মাদকের বিরুদ্ধে যখন প্রশাসন কঠোর অবস্থানে, তখন একজন নেতার এমন কর্মকাণ্ডে এলাকায় বইছে সমালোচনার ঝড়। আব্দুল হক উপজেলার রায়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারিস মাঝির বাড়ীর মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

সাদা রঙের গেঞ্জি গায়ে দিয়ে একটি রুমের খাটে অত্যন্ত সাবলীলভাবে ইয়াবা সেবনের সরঞ্জাম নিয়ে বসে ইয়াবা সেবন করছেন আব্দুল হক। এসময় তার মুখে ইয়াবা সেবনের পাইপ। আর নিজে তার মুখে আগুন নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহুর্তে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের দাবি, একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার ঘরে মাদকের এমন আসর যুবসমাজের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এ বিষয়ে আব্দুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি শুরুতে ঘটনার সত্যতা পুরোপুরি অস্বীকার করে বলেন, আমি তো স্মার্ট ফোন ব্যবহার করি না, সেজন্য ভিডিওটি এখনও দেখিনি। তবে বিভিন্নজনে বলছে একটি ভিডিও কথা। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'ঘটনাটি আমাদের নজরে এসেছে। ভিডিও ফুটেজ যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'