এক মাস আগে কুকুরের কামড়, চিকিৎসায় অবহেলায় ছাত্রদল নেতার মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (৩৫) জলাতঙ্ক আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সৈকত মোল্লাকে একটি কুকুরে কামড় দিয়েছিল। সে সময় বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তিনি যথাযথ প্রতিষেধক বা চিকিৎসা গ্রহণ করেননি। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তার শরীরে তীব্র কাঁপুনি ও বমি শুরু হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
শুক্রবার বেলা ১১টায় মরহুমের নিজ বাড়ির আঙিনায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার অকাল মৃত্যুতে বাউফল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। চিকিৎসকরা জানান, কুকুরে কামড়ানোর পর সঠিক সময়ে ভ্যাকসিন না নেওয়ায় জলাতঙ্ক ছড়িয়ে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments