Image description

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়ার পর তাকে সামনে রেখে একটি ‘নতুন আওয়ামী লীগ’ গঠনের গুঞ্জন উঠেছে। তবে এ ধরনের কোনো পরিকল্পনা করা হলে তা পুরোপুরি ব্যর্থ হবে বলে মনে করেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে জামিনে ছেড়ে দেওয়ার পর অনেকেই বলছেন যে বর্তমান সরকারের মেরুদণ্ড বলতে কিছু নেই বা তারা পারছে না। কিন্তু এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে একটি ‘খারাপ খেলা’ খেলার চেষ্টা চলছে। তারা তাদের পছন্দমতো একটি নতুন আওয়ামী লীগ খুলতে চাইছে, কারণ পুরোনো আওয়ামী লীগ এখন বন্ধ হয়ে গেছে।

এ প্রসঙ্গে তিনি বিগত সরকারের একটি উদাহরণ টেনে বলেন, "শেখ হাসিনা যেমন বিএনপিকে কোণঠাসা করতে ‘নতুন বিএনপি’ বা ‘তৃণমূল বিএনপি’ গঠনের চেষ্টা করেছিলেন, ঠিক তেমনি এখন ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা ‘নতুন আওয়ামী লীগ’ করার জন্যই হয়তো শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।"

তবে এ ধরনের রাজনৈতিক কৌশল শেষ পর্যন্ত হালে পানি পাবে না বলে মনে করেন রনি। এই পরিকল্পনার ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "শিরীন শারমিন চৌধুরী বা যাদের নাম ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা ‘নতুন আওয়ামী লীগ’-এর সাথে শোনা যাচ্ছে, তাদের কেউই আসলে রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। তাই শিরীন শারমিনকে নিয়ে যারা এই নতুন দল গঠনের চেষ্টা করছেন, তারা চূড়ান্তভাবে ফেইল করবেন।"

মানবকণ্ঠ/আরআই