Image description

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে এবং বর্তমানে সিঅ্যান্ডবিপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে খোরশেদ আলম প্রতিবেশী ওই শিশুকে কৌশলে একটি বাড়িতে ডেকে নেয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে নিজ বাড়িতে চলে আসে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত খোরশেদ আলম ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

শুক্রবার রাতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"

মানবকণ্ঠ/ডিআর