Image description

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়নের বিশাল ঘাটতি মেটাতে এবং একটি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ও সংবেদনশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য জরুরি বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ‘ইকোসক ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট’ (এফএফডি) ফোরামের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এই আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এই অধিবেশনে রাষ্ট্রদূত চৌধুরী উল্লেখ করেন, বর্তমান ভূ-রাজনৈতিক সংঘাত, সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) ক্রমহ্রাসমান ধারা, জলবায়ু পরিবর্তনের আঘাত, বাণিজ্যিক বাধা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিগত অবস্থানকে সংকুচিত করে তুলছে। এই প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ তার স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে, যাতে এই রূপান্তরটি মসৃণ ও টেকসই হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতিও বিশ্বমঞ্চে তুলে ধরেন। তিনি জানান, সরকার বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাত শক্তিশালীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরাসরি সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বক্তব্যে তিনি ঋণের ব্যয় কমানো, অকার্যকর অবকাঠামো সংক্রান্ত ঋণের ফাঁদ এড়িয়ে চলা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকারী উৎপাদনশীল খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর ওপর জোর দেন। একই সাথে তিনি জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের কার্যকর বাস্তবায়ন এবং বিদেশে পাচার হওয়া অর্থ (Stolen Assets) প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা দাবি করেন।

মানবকণ্ঠ/ডিআর