Image description

দেশের ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ২১। সেই হিসাবে গতকালের তাপপ্রবাহের এলাকা কমেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য কমেছে। তবে গরমের অনুভূতি রয়েছে গতকালের মতোই। রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমলেও সেখানেও অনুভূতি প্রায় আগের মতোই।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বিভিন্ন জেলায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল খুলনা বিভাগের সর্বত্র ও আরও সাত জেলায় তাপপ্রবাহ প্রবাহিত হয়। রাজশাহী ছাড়া বাকি ছয় জেলা হলোÑ পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী।খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০।

সে অনুযায়ী গতকাল তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ১৭টি। চলতি মাসের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। পরে অবশ্য ঝড়বৃষ্টির কারণে তা কমে আসে। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। এর মধ্যে গত বুধবার চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন এ নগরে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে অনুযায়ী গতকাল রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।