জ্বালানির অজুহাতে পণ্যের দাম অস্বাভাবিক বাড়ানোর সুযোগ নেই: বস্ত্র ও পাট মন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বা নাটকীয়ভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। জনস্বার্থে বাজার ও পরিবহন খাতে সবার নজরদারি বাড়াতে হবে। একইসঙ্গে তিনি নতুন বিনিয়োগকারীদের ‘ফুয়েল ইনটেনসিভ’ বা অধিক জ্বালানি নির্ভর কারখানার পরিবর্তে ‘লেস ফুয়েল ইনটেনসিভ’ তথা জ্বালানি সাশ্রয়ী শিল্পকারখানা গড়ার পরামর্শ দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিল এলাকায় নির্মিত নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকটের প্রভাবে রপ্তানি কমার আশঙ্কা নাকচ করে মন্ত্রী বলেন, “বিদ্যুৎ উৎপাদনের পরই অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিখাতের শিল্পকারখানায় তা বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমনটি ভাবা ঠিক হবে না। বরং বৈশ্বিক বাজারের যে মন্থর ভাব বা মৃদু মন্দা, সেটিই রপ্তানি পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।”
বিটিএমসির জমি সংক্রান্ত জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটিতে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। তবে বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলদারিত্বের সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে নতুন বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালি কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির প্রমুখ।
মানবকণ্ঠ/ডিআর




Comments