Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকার জনগণের দেওয়া ম্যান্ডেটের সঙ্গে চরম প্রতারণা করছে। তিনি বলেন, জনগণ কেবল প্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং রাষ্ট্র পরিচালনার ধরন নির্ধারণের জন্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করে স্বৈরাচারী আচরণ করছে।

শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় যুব শক্তি’র দশম কাউন্সিলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আখতার হোসেন বলেন, 'জনগণ শুধু প্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং রাষ্ট্র পরিচালনার ধরন নির্ধারণের জন্যও ভোট দিয়েছিল। কিন্তু সেই গণম্যান্ডেট উপেক্ষা করে সরকার ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে।' 

আখতার হোসেন তার বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, 'অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সংসদ নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের ন্যায়ের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে সংসদীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার যে বাধ্যবাধকতা ছিল, বিএনপি তা না বুঝে গণভোটের পক্ষে 'হ্যাঁ' চেয়েছে—এটি আমাদের মনে হয় না। বরং ব্যাপারটি অন্য জায়গায়। এবারের নির্বাচনে সংসদ নির্বাচন এবং গণভোট—এই দুটি বিষয় পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল।'

তিনি আরও বলেন, 'এবারের ভোটে জনগণ যেমন তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, তেমনি সেই প্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবে—সে বিষয়েও তারা গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, পাশাপাশি গণভোটে ৭০ শতাংশ ভোট দিয়েছে—যাতে সরকার জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করে। এটাই ছিল জনগণের প্রত্যাশা।' 

অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, 'সরকার গঠনের পরপরই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এবং অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে।' 

বক্তব্যের শেষ পর্যায়ে আখতার হোসেন বলেন, 'দেশে যেন কোনো ফ্যাসিবাদী কাঠামো ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।' একইসঙ্গে তিনি দেশে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।