ঘোড়াশালে অস্ত্রের মুখে জিম্মি পল্লীবিদ্যুৎ কর্মী, তার ও যন্ত্রাংশ লুটপাট
নরসিংদীর পলাশ উপজেলায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘোড়াশালের ভাগদী ২০ কেভি পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। রোববার (২৬ এপ্রিল) ভোররাতে এই ঘটনা ঘটে।
নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনোয়ার হোসেন সুমন জানান, ভোরে তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি সাব-স্টেশনে প্রবেশ করে। তারা সেখানে কর্তব্যরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা সচল লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেলের কেবল এবং রাইজারের তার কেটে নিয়ে চম্পট দেয়।
এই লুটপাটের ফলে পলাশ উপজেলার ভাগদী ও রাজাবোসহ মোট চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক। মালামাল উদ্ধার ও সংযোগ মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments