Image description

নওগাঁর বদলগাছীতে একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাহেব আলী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কোলা শ্মশানঘাট এলাকায় সুশীল চন্দ্র নামে এক ব্যক্তি গাছে একটি লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, লোকটির মধ্যে দীর্ঘদিন ধরে মানসিক হতাশা কাজ করছিল বলে জানা গেছে।

এদিকে নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, এটি সাধারণ আত্মহত্যা নয়। তিনি বলেন, “সাহেব আলীকে কেউ মেরে ফেলে গাছে ঝুলিয়ে রাখতে পারে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও বিচার দাবি করছি।”

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

মানবকণ্ঠ/ডিআর