ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যদের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত তেল পরে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে মো. সায়েদ আলীর (৩৮) বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
অভিযুক্ত সায়েদ আলী দেওনাই গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। তবে অভিযানের সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে একটি বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার খবর পেয়ে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে তেলের মজুতের সত্যতা মিললেও অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৯ হাজার টাকা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, "এনএসআই-এর তথ্যের ভিত্তিতে আমরা সায়েদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার করি। জব্দকৃত তেল সরকারি মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।"
তিনি আরও সতর্ক করে বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুতের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments