Image description

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় তিন দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত এই দুই উপজেলা কার্যত বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। মাঝখানে রবিবার রাতে মাত্র ৪৫ মিনিটের জন্য বিদ্যুৎ এলেও পুনরায় সরবরাহ বন্ধ হয়ে যায়।

দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় এই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা পুরোপুরি ধসে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা এবং অনলাইনভিত্তিক সব কার্যক্রম অচল হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে তাদের পড়াশোনা করতে হচ্ছে। এছাড়া তেলের পাম্পগুলো গত ১৫ দিন ধরে বন্ধ থাকায় এবং ব্যাটারিচালিত ইজিবাইকগুলো চার্জ দিতে না পারায় সড়কগুলোতে যানবাহন চলাচল নেই বললেই চলে।

অনেক পরীক্ষার্থীকে পায়ে হেঁটে কেন্দ্রে যাতায়াত করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে তেলের অভাবে জেনারেটরও চালানো যাচ্ছে না। রৌমারীর চরশৌলমারীসহ বিভিন্ন বাজারের এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ হয়ে আছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা গাড়ি নামাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে রৌমারী ও রাজিবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জানিয়েছেন, তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে পল্লীবিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ফলে কবে নাগাদ বিদ্যুৎ ও নেটওয়ার্ক স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

মানবকণ্ঠ/আরআই