নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ধনু নদীতে মাছ ধরার সময় এবং হাওর থেকে গরু আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মোতালিব মিয়া (৫৫) এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের নেকবর খাঁর ছেলে মোনায়েম খাঁ ওরফে হালান (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোতালিব মিয়া উপজেলার ধনু নদীর গোদারাঘাট এলাকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে একটি বজ্রপাত সরাসরি তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ বাড়ির পাশের হাওরে চড়তে থাকা গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। প্রচণ্ড শব্দের বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই প্রাণ হারান।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ উভয় ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments