Image description

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা বা ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’ জারি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।

জানা গেছে, জারি করা সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতরে এবং আশপাশের এলাকায় টহল জোরদার করার পাশাপাশি প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা আসেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই উচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “সৈয়দপুর বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দর সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে, বর্তমান পরিস্থিতিতে তা আরও শক্তিশালী করা হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার পরিকল্পনা নিয়ে সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সারা দেশের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মানবকণ্ঠ/ডিআর