গাইবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৯নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল কফিল উদ্দিন মাস্টারের সাথে। এরই জেরে আজ সকালে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য জলিল ও তাঁর লোকজন কফিল উদ্দিনের ওপর চড়াও হয়। সংঘর্ষের সময় লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
এদিকে, বর্ষীয়ান এই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে গ্রামজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments