শিবচরে মাদক সাম্রাজ্যের নারী হোতা মনিকা গ্রেপ্তার, বাড়ি ভাঙচুর
মাদারীপুরের শিবচরে দীর্ঘদিনের মাদক ব্যবসার নারী হোতা মনিকা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিকা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। গত রোববার (২৬ এপ্রিল) তাঁর বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই মনিকার কাছ থেকে ইয়াবা কিনে ফেরার পথে জব্বার হাওলাদার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদের মুখে জব্বার স্বীকার করেন তিনি মনিকার কাছ থেকেই নিয়মিত মাদক কেনেন।
জব্বারের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে মনিকার বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই সময় মনিকা কৌশলে পালিয়ে গেলেও তাঁর ঘর থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, বেশ কয়েকটি দামী মোবাইল ফোন, হাতঘড়ি এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাদক ক্রেতা জব্বার হাওলাদারকে হাতেনাতে আটকের দায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, অভিযানের পর থেকে মনিকা আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তিনি গোপনে নিজ বাড়িতে ফেরেন—এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ পুনরায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এদিকে, মাদক কারবারি মনিকা গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়েন এলাকাবাসী। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে স্থানীয় বাসিন্দারা তাঁর বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, "মনিকা ওই এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। অভিযানের সময় তাঁর ঘর থেকে বিপুল পরিমাণ মাদক সংক্রান্ত সামগ্রী জব্দ করা হয়েছে। প্রধান অভিযুক্ত পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।"
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মনিকার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments