Image description

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দরুন এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা করা হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৩ এপ্রিল থেকে শুরু করে মাত্র ছয় দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

সোনার দাম দফায় দফায় কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর