Image description

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের রোমাঞ্চকর মঞ্চে নতুন ইতিহাস লিখলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর মতো কিংবদন্তিদের রেকর্ড ভেঙে দ্রুততম আর্জেন্টাইন হিসেবে এই টুর্নামেন্টে ২৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে গোল করার মাধ্যমে এই অনন্য উচ্চতায় পৌঁছান আলভারেজ। চ্যাম্পিয়নস লিগে মাত্র ৪১ ম্যাচে ২৫টি গোল পূর্ণ করলেন তিনি। এর আগে আর্জেন্টাইনদের মধ্যে এই মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসির লেগেছিল ৪২ ম্যাচ এবং সার্জিও আগুয়েরোর লেগেছিল ৪৮ ম্যাচ। ফলে নিজ দেশের দুই কিংবদন্তিকে টপকে এখন সবার ওপরে আলভারেজ।

শুধু দ্রুততম আর্জেন্টাইন হিসেবেই নয়, আতলেতিকো মাদ্রিদের হয়েও এক অনন্য রেকর্ড গড়েছেন এই তরুণ স্ট্রাইকার। ক্লাবটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০টি গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে আতলেতিকোর হয়ে একক কোনো মৌসুমে আর কেউ দুই অঙ্কের গোল সংখ্যা স্পর্শ করতে পারেননি।

ঘরের মাঠে প্রথমার্ধে ভিক্টর ইয়োকেরেসের গোলে পিছিয়ে পড়েছিল আতলেতিকো। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত এক শটে সমতা ফেরান আলভারেজ। তার এই গোলেই শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনও শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪১টি গোল)। এরপর ১২৯ গোল নিয়ে মেসি দ্বিতীয় এবং ১০৯ গোল নিয়ে রবার্ট লেভানডফস্কি তৃতীয় স্থানে রয়েছেন।

আগামী মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ। ওই ম্যাচের জয়ী দল পা রাখবে ফাইনালে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মধ্যে যেকোনো এক দল। 

উল্লেখ্য, অন্য সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে পিএসজি।