ঢাকা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
একই দিনে পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের আরও ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদলে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ কিছু বদলি:
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার এবং বাগেরহাটের বর্তমান এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক মো. ইকবালকে এপিবিএন-৫-এ এবং হাইওয়ে পুলিশের মো. এনামুল কবিরকে এপিবিএন-১২-এর অধিনায়ক করা হয়েছে। র্যাবের দুই পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই পুলিশের এই উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments