নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি ওয়ান শুটার গান ও একটি শটগানের গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১ মে) দুপুরে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বালুরগদি সংলগ্ন কাঁচপুর ব্রিজের নিচে অভিযান চালায়। সেখানে একটি পিলারের খাদে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১টি শটগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments