Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) ৩৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে (৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি) এই আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া ও আগুন উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ওই ট্রান্সফরমারটিতে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমারটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই