শরীয়তপুরে ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে ভ্যান চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) ভোরে ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমান আলী মোল্লার বাড়িতে এক ব্যক্তি প্রবেশ করেন। ওই ব্যক্তি ভ্যান চুরির চেষ্টা করছেন—এমন সন্দেহে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে ধরে ফেলে।
একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিতু আক্তার জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
পালং মডেল থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, "জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments