বরিশালের বানারীপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে ইয়াসমিন (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন সোনাহার গ্রামের রংমিস্ত্রি সোহেল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকস্মিক ঝড়ে সোহেল মিয়ার বসতঘরের ওপর একটি বিশাল আকৃতির চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ইয়াসমিন, তার শিশু সন্তান ও মা অবস্থান করছিলেন। গাছ পড়ার শব্দ শুনে সোহেলের দুই ভাই রিপন ও মাসুম প্রতিবেশীদের নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা বিধ্বস্ত ঘরের ভেতর থেকে ইয়াসমিন ও তার ছেলেকে বের করে আনেন। তবে ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়। শিশু জিসানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইয়াসমিনের মা অলৌকিকভাবে এই যাত্রায় প্রাণে বেঁচে গেছেন।
খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারি সহায়তা হিসেবে দাফন কাজের জন্য তাৎক্ষণিকভাবে ১৫ হাজার টাকার চেক ও খাদ্যসামগ্রী প্রদান করেন।
সোনাহার গ্রামে ঝড়ে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু। এ ছাড়া শোক জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার এবং বানারীপাড়া ও পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments