Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মসজিদের ভেতরে ঢুকে হাফিজ মিয়া (৫০) নামে এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া ওই এলাকারই বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত  একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে আটক করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।