Image description

চাঁদপুরের কচুয়ায় নিজের মুরগির খামার ও মাছের প্রজেক্টের পাশে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম আলী ওই গ্ৰামের লতিফ কন্টাকটার বাড়ির ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি খামার পরিচালনার পাশাপাশি মাছ চাষ ও গবাদি পশু লালন-পালন করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কাশেম আলী তার খামার ও মাছের প্রজেক্টের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বিদ্যুতের লিক হওয়া তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর