দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গিয়ে অকালেই ঝরে পড়লেন এক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী। এক মদ্যপ চালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন হাসিবুর রহমান নামে এক যুবক। রোববার (৩ মে) সকালে কোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত হাসিবুর রহমান জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। এই অকাল মৃত্যুতে কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও তার সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার (২ মে) মধ্যরাতে কাজ শেষে একটি ইলেকট্রিক স্কুটারে চড়ে বাসায় ফিরছিলেন হাসিবুর। রাস্তা পার হওয়ার সময় মদ্যপ এক চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয় উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখেন। তবে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
হাসিবুরের ঘনিষ্ঠজনরা জানান, ২০২৩ সালের শেষের দিকে বড় স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। মাত্র চার মাস আগেই দেশে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হাসিব। বিয়ের রেশ কাটতে না কাটতেই প্রিয়তমা স্ত্রী ও পরিবারকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার বন্ধুরা জানান, হাসিব অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র ছিলেন।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর জন্য স্থানীয় প্রবাসী ও কমিউনিটি নেতারা কাজ করছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments