ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পূর্বের নির্ধারিত ১ হাজার ৯৪০ টাকাই থাকছে। একইভাবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ দশমিক ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই আদেশ জারি করে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। এর মাত্র ১৭ দিন আগে ২ এপ্রিল দাম বাড়ানো হয়েছিল ৩৮৭ টাকা। অর্থাৎ এপ্রিল মাসে দুই দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির পর মে মাসে আর দাম বাড়ানো হলো না।
বিইআরসি কাগজে-কলমে দাম অপরিবর্তিত রাখলেও মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত ৬ মাস ধরে সরকারি নির্ধারিত মূল্যের কোনো কার্যকারিতা বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। বিক্রেতারা ইচ্ছেমতো দামে এলপিজি বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। যখন সরকারি দর ১ হাজার ৩৪০ টাকার ঘরে ছিল, তখনও বাজারে সিলিন্ডারপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা আদায়ের খবর পাওয়া গেছে।
বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানিকারকদের নানা সুবিধা দিয়ে আসছে। আমদানি সীমা বৃদ্ধি, ট্যাক্স কমানো এবং এলসি ঋণ সুবিধার পাশাপাশি জাহাজ ভাড়াও (ফ্রেইট চার্জ) টনপ্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ১২০ ডলার করা হয়েছে। এতসব ছাড় ও সুবিধা দেওয়ার পরেও সাধারণ ক্রেতারা বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস পাচ্ছেন না।
ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেট এবং তদারকির অভাবে এলপিজি খাতে নজিরবিহীন অরাজকতা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments