Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাত্র ২৫ টাকার প্রলোভন দেখিয়ে লম্পট ওই যুবক শিশুটির সর্বনাশ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. শান্তর (২৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামে তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ এপ্রিল সকালে শিশুটি স্কুলে যাওয়ার পথে একই এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. শান্ত তাকে ফুসলিয়ে ২৫ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শান্ত ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে গত ২ মে তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত রোববার (৩ মে) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তিনি জানান, মেয়ের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং পারিবারিক আলোচনার কারণে অভিযোগ করতে কয়েকদিন বিলম্ব হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শান্ত ও তার পরিবারের সদস্যরা বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, "অভিযোগটি আমরা গ্রহণ করেছি। এটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা। ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শান্তকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর