Image description

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক সড়কে মালবাহী একটি ‘চাঁদের গাড়ি’ উল্টে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় বাঘাইহাট-সাজেক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকগামী একটি মালবাহী চাঁদের গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে গুরুত্বপূর্ণ এই পর্যটন সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে পর্যটকবাহী অসংখ্য গাড়ি ও স্থানীয় যাত্রীরা দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনাটি জানার পরপরই খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ১৪ ইবি বাঘাইহাট জোনের সাজেক টিওবি’র একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেনা সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে উল্টে যাওয়া গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন এবং সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেন। এতে আটকে পড়া পর্যটক ও স্থানীয়রা নিরাপদে তাদের গন্তব্যে রওনা হতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাজেকের মতো দুর্গম পাহাড়ি এলাকায় যেকোনো বিপদে সেনাবাহিনীর এমন দ্রুত ও মানবিক সাড়া সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

বাঘাইহাট জোন কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং পর্যটনসহ সামগ্রিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের সহায়তামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর