Image description

মেয়র পদে নির্বাচিত হলে অনলাইনে আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ (Mango Card) চালুর ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী)।  

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমের সাথে  সঙ্গে আলাপকালে আশরাফুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকার প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হলো আম। বর্তমানে অনেক তরুণ ও উদ্যোক্তা অনলাইনে আম কেনাবেচা করছেন। তবে প্রায়ই দেখা যায়, ক্রেতাদের আগাম টাকা পরিশোধ করতে হয়, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই আস্থার সংকট দূর করতেই তিনি ‘আম কার্ড’-এর পরিকল্পনা করেছেন। এই কার্ডের মাধ্যমে লেনদেন আরও নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং জবাবদিহিতার আওতায় আসবে।

তিনি আরও বলেন, "আম আমাদের জন্য এক বিশাল সম্পদ। এই সম্পদ রক্ষা এবং এর বাণিজ্যিক প্রসারে যা যা করা প্রয়োজন, আমি নির্বাচিত হলে তার সবকিছুই করব। আমচাষি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার হবে।"

আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘আশরাফুল ভেড়ী’ নামেই বেশি পরিচিত। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা এবার মেয়র পদে দলের মনোনয়ন পেতে জোর লবিং ও জনমত গঠন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই ‘আম কার্ড’ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় আম ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। 

নির্বাচনী প্রচারণার শুরুতেই এমন উদ্ভাবনী চিন্তা এবং আমের গুরুত্বকে প্রধান্য দিয়ে তাঁর এই বক্তব্য রহনপুর পৌর এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।