Image description

ফেনীর পরশুরাম উপজেলার ৩ নম্বর চিথলিয়া ইউনিয়নের উত্তর মালিপাথর পশ্চিমপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় এক টমটম চালকের বাড়িঘরে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) রাত ৯টার দিকে সিলোনিয়া নদীর পাড় সংলগ্ন নূর আহম্মদের বাড়িতে এই তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। হামলায় নারী ও শিশুসহ পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শালধর চৌমুহনী এলাকায় টমটম চালক রাকিবের পথরোধ করে নূর মিয়ার ছেলে রাজু ও মুস্তফার ছেলে হেলালসহ কয়েকজন। তারা রাকিবের গাড়ির চাবি কেড়ে নেয় এবং রাস্তায় গাড়ি চালাতে হলে ‘চা-নাস্তার খরচ’ বাবদ চাঁদা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রাকিবকে মারধর করা হয়। খবর পেয়ে রাকিবের দুই ভাই আলমগীর ও রাসেল ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় একজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তারা বাড়ির দিকে রওনা হন।

অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর রাজু ও হেলালের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নূর আহম্মদের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা নূর আহম্মদের চারটি বসতঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী নূর আহম্মদের দাবি, হামলায় তার ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ সীমা আক্তার বলেন, "হঠাৎ একদল লোক বাড়িতে ঢুকে ছোট বাচ্চা ও নারীদের ওপর চড়াও হয়। আমরা হাতজোড় করে পায়ে ধরেও রেহাই পাইনি। তারা আমার কানের দুল, মোবাইল ও কিস্তির টাকা ছিনিয়ে নিয়েছে।" আলমগীর নামে পরিবারের এক সদস্য জানান, হামলাকারীরা তাদের গর্ভবতী স্ত্রী ও বৃদ্ধা মাকেও মারধর করেছে। তিনি আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং বখাটেদের চাঁদাবাজি ও ক্ষমতার দাপট।

এ বিষয়ে পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম বলেন, "গত ৫০ বছরে পরশুরামে এমন ন্যক্কারজনক ঘটনা দেখিনি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।" চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, অভিযুক্ত রাজু ও হেলাল দীর্ঘ দিন ধরে এলাকায় ‘কিশোর গ্যাং’ স্টাইলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর